নারায়ণগঞ্জরূপগঞ্জ
৩০০ ফিটের চার যুবক আটক, র্যাবের দাবি ‘ডাকাত’
NewsView

নিউজ ভিউ, নারায়ণগঞ্জ: ঢাকার ৩০০ ফিট রাস্তায় ‘সিনেমাটিক স্টাইলে’ অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতির ঘটনায় জড়িত থাকার অভিযোগে সংঘবদ্ধ একটি চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাব-১১। তাদের কাছ থেকে একটি ডামি রিভলবার ও চারটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার র্যাব-১১ নারায়ণগঞ্জের একটি আভিযানিক দল নিজস্ব গোয়েন্দা নজরদারি এবং সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে রাত ১০টায় ডিএমপি, ঢাকার বাড্ডা থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।
গ্রেফতারকৃত ব্যক্তিরা হলো, রংপুর হারাগাছ টেংরি এলাকার মো. শাহজাহানের ছেলে সানি আহম্মেদ সামির (২১), নেত্রকোনা পূর্বধলার পাইলাটি এলাকার মো. সুলতানের ছেলে ইমন (২২), রংপুর মিঠাপুকুর ভগতীপুর এলাকার মো. মানিক মিয়ার ছেলে মো: রিশাদ (২৩) ও বরিশাল গৌরনদী পিপরা কাঠী এলাকার মহিউদ্দিন মো.আরিফ হোসেন (২২)।
সাম্প্রতিক সময়ে ঢাকা ৩০০ ফিটের রাস্তায় সংঘটিত অপরাধ নিয়ে প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়াতে ব্যাপক আলোচনা হয়। এই রাস্তাটিতে রাত নামলেই একটি 'ভয়ংকর চক্র' সক্রিয় হয়ে ওঠে বলে অভিযোগ রয়েছে।
র্যাব-১১ এর দেওয়া তথ্যমতে, সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ৩০০ ফিটে ব্লগার জিক্সার জিসানের বাইক ডাকাতির ঘটনা ভাইরাল হয়েছিল। এই ঘটনায় জড়িতদের গ্রেফতারের জন্য র্যাব-১১ গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে। গোপন সূত্রে র্যাব জানতে পারে যে, এই ডাকাতির ঘটনায় 'সামির-তৈয়ব-রানা গ্রুপ' জড়িত।
র্যাব আরও জানায়, ৩০০ ফিটে সক্রিয় এই চক্রটি অস্ত্র ক্রয় করবে বলে একটি সংবাদ তাদের কাছে আসার পর তাদের অবস্থান শনাক্ত করা হয় এবং তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে বর্ণিত সময় ও স্থান থেকে তাদেরকে গ্রেফতার করা সম্ভব হয়। গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ কার্যক্রমের জন্য আড়াইহাজার থানায় হস্তান্তর করা হয়েছে।
লোড হচ্ছে...