নারায়ণগঞ্জ
সোনারগাঁয়ে মঙ্গলবার এনসিপির ‘জুলাই পদযাত্রা’
NewsView5

নিউজভিউ ডেস্ক
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ঘোষিত দেশব্যাপী ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার (১৪ জুলাই) নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পদযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত হবে। উপজেলার মোগড়াপাড়া বাসস্ট্যান্ড এলাকায় আয়োজিত এ কর্মসূচিতে দলের কেন্দ্রীয় নেতারা অংশ নেবেন বলে জানিয়েছে আয়োজকরা। দলীয় সূত্র জানায়, গণভোট বাস্তবায়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং সীমান্ত নিরাপত্তা জোরদারের দাবিতে দেশের ৬৪ জেলার বিভিন্ন উপজেলা ও পৌরসভায় পর্যায়ক্রমে এ কর্মসূচি পালন করা হচ্ছে। সোনারগাঁয়ের কর্মসূচিকে ঘিরে ইতোমধ্যে মঞ্চ নির্মাণ, প্রচার-প্রচারণা এবং সাংগঠনিক প্রস্তুতি শেষ হয়েছে। জাতীয় যুবশক্তির সিনিয়র যুগ্ম আহ্বায়ক তুহিন মাহমুদ বলেন, কর্মসূচিতে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, কেন্দ্রীয় সংগঠক হাসনাত আবদুল্লাহ এবং কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব আবদুল্লাহ আল আমিন উপস্থিত থাকার কথা রয়েছে। তবে চট্টগ্রামের বন্যাকবলিত এলাকায় ত্রাণ কার্যক্রমে ব্যস্ত থাকায় কেন্দ্রীয় নেতাদের সময়সূচিতে সামান্য পরিবর্তন হতে পারে। তিনি আরও জানান, সমাবেশ শেষে নেতাকর্মীরা পরবর্তী কর্মসূচিতে অংশ নিতে মুন্সিগঞ্জের উদ্দেশে রওনা হবেন। এনসিপি নারায়ণগঞ্জ মহানগরের আহ্বায়ক শওকত আলী বলেন, জনগণের সঙ্গে সরাসরি যোগাযোগ বাড়ানো এবং দলীয় দাবিগুলো তুলে ধরতেই ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচি পালন করা হচ্ছে। সোনারগাঁয়ের কর্মসূচি সফল করতে স্থানীয় নেতাকর্মীরা সমন্বিতভাবে কাজ করছেন। দলটির আশা, এবারের কর্মসূচিতেও বিপুলসংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষের অংশগ্রহণ হবে।
লোড হচ্ছে...