নারায়ণগঞ্জসদর
১৫ দিনের মধ্যে বাবুরাইল খাল পরিচ্ছন্ন করবে নাসিক, উদ্বোধন করলেন প্রশাসক
NewsView

নিউজভিউ
দীর্ঘ দেড় বছর অবহেলা ও অযত্নে পড়ে থাকার পর নারায়ণগঞ্জের ঐতিহাসিক বাবুরাইল খাল পুনরুদ্ধারে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান শুরু করেছে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন (নাসিক)। সোমবার (২ ফেব্রুয়ারি) সকালে প্রায় সাত লাখ টাকা ব্যয়ে এই কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন নাসিক প্রশাসক ড. আবু নছর মোহাম্মদ আব্দুল্লাহ।
২০১৭ সালে তৎকালীন মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীর উদ্যোগে ২০০ কোটি টাকা ব্যয়ে বাবুরাইল খালের উন্নয়ন ও সৌন্দর্যবর্ধন প্রকল্প শুরু হয়। ২০২২ সালে কাজ শেষ হওয়ার পর এটি নগরবাসীর জন্য উন্মুক্ত করা হলেও ২০২৪ সালের জুলাই অভ্যুত্থানের পরবর্তী সময়ে খালের নিয়মিত রক্ষণাবেক্ষণ পুরোপুরি বন্ধ হয়ে যায়। ফলে ময়লা-আবর্জনা জমে খালটি কার্যত ডাস্টবিনে পরিণত হয়, যা স্থানীয় জনস্বাস্থ্যের জন্য ঝুঁকি তৈরি করেছিল।
কার্যক্রমের উদ্বোধনকালে নাসিক প্রশাসক ড. আবু নছর মোহাম্মদ আব্দুল্লাহ বলেন, “নাগরিকদের দাবির প্রেক্ষিতে আমরা এই উদ্যোগ নিয়েছি। বাবুরাইল খাল আমাদের শহরের প্রাণ। একে কোনোভাবেই ময়লার ভাগাড় হতে দেওয়া যাবে না।” নাসিকের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. আজগর হোসেন জানিয়েছেন, আগামী ১৫ দিনের মধ্যে খালের সম্পূর্ণ পরিচ্ছন্নতা কাজ শেষ করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. নূর কুতুবুল আলম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. আজগর হোসেন, নির্বাহী প্রকৌশলী ইসমাইল চৌধুরী, সাবেক কাউন্সিলর অসিত বরণ বিশ্বাস, নারী কাউন্সিলর আফসানা আফরোজ বিভা এবং ‘আমরা নারায়ণগঞ্জবাসী’ সংগঠনের সভাপতি মুক্তিযোদ্ধা নূর উদ্দিন।
নাসিক কর্মকর্তারা জানান, খাল পরিষ্কার করার পাশাপাশি এর সৌন্দর্য রক্ষায় স্থানীয় বাসিন্দাদেরও সচেতন হতে হবে। নির্দিষ্ট স্থানে ময়লা ফেলে খালের পরিবেশ বজায় রাখতে নগরবাসীর সহযোগিতা কামনা করেছেন তারা।
লোড হচ্ছে...