রাজনীতিবন্দর
নারায়ণগঞ্জ-৫ আসনে মুফতি মাসুম বিল্লাহর মনোনয়নপত্র জমা
‘ভয়ভীতিহীন পরিবেশ বজায় রাখার জন্য প্রশাসনের প্রতিও জোর দাবি’
NewsView

নিউজ ভিউ
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার লক্ষ্যে নারায়ণগঞ্জ-৫ (সদর-বন্দর) আসনে মনোনয়নপত্র দাখিল করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী মুফতি মাসুম বিল্লাহ। সোমবার (২৯ ডিসেম্বর) দুপুরে জেলা রিটার্নিং অফিসারের কার্যালয়ে উপস্থিত হয়ে তিনি তাঁর মনোনয়নপত্র জমা দেন। এ সময় ইসলামী আন্দোলনের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী তাঁর সাথে উপস্থিত ছিলেন।
সোমবার দুপুরে মুফতি মাসুম বিল্লাহ দলীয় নেতাকর্মীদের নিয়ে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে পৌঁছান। মনোনয়নপত্র জমা দেওয়ার সময় তাঁর সাথে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি মাওলানা দ্বীন ইসলাম, নারায়ণগঞ্জ মহানগর শাখার সহ-সভাপতি মুহাম্মদ নুর হোসেন, জেলা সেক্রেটারি মুহাম্মদ জাহাঙ্গীর কবির এবং মহানগর সেক্রেটারি মুহাম্মদ সুলতান মাহমুদসহ অন্যান্য শীর্ষস্থানীয় নেতারা।
মনোনয়নপত্র জমা দেওয়ার পর মুফতি মাসুম বিল্লাহ বলেন, “বিগত দিনে আওয়ামী ফ্যাসিবাদের শাসনকালে নির্বাচন ব্যবস্থাকে যেভাবে কলুষিত করা হয়েছিল এবং জনগণের ভোটের অধিকার যেভাবে খর্ব করা হয়েছিল, সেই দৃশ্য এ দেশের মানুষ আর কোনোদিন দেখতে চায় না।” তিনি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, “আমরা এই সরকারের কাছে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন প্রত্যাশা করি। জনগণের ভোটাধিকার প্রয়োগের একটি সুন্দর পরিবেশ তৈরি করে দিয়ে জনগণের প্রকৃত মতামত প্রতিফলনের ব্যবস্থা করা সরকারের প্রধান দায়িত্ব।”
তিনি আরও বলেন, সদর ও বন্দরের সচেতন ভোটাররা এবার পরিবর্তনের পক্ষে এবং ইনসাফ কায়েমের লক্ষ্যে ‘হাতপাখা’ প্রতীকের পাশে দাঁড়াবেন বলে আমরা বিশ্বাস করি। একটি অংশগ্রহণমূলক ও ভয়ভীতিহীন পরিবেশ বজায় রাখার জন্য তিনি স্থানীয় প্রশাসনের প্রতিও জোর দাবি জানান। মনোনয়নপত্র জমা দেওয়াকে কেন্দ্র করে আদালতপাড়া ও জেলা নির্বাচন অফিস প্রাঙ্গণে ইসলামী আন্দোলনের নেতাকর্মীদের সরব উপস্থিতি ও উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।
লোড হচ্ছে...