সারা দেশ
আহত ৫
সোনাতলায় ঝড়ে বাড়ির ওপর পড়ল গাছ
NewsView

নিউজভিউ ডেস্ক
বগুড়ার সোনাতলায় কালবৈশাখীতে পাকুড় গাছ উপড়ে ছয় বাড়িঘর তছনছ হয়ে গেছে। এ সময় পাঁচ জন আহত হয়। গত শনিবার দিনগত রাত ১১টার দিকে উপজেলার পাকুল্লা ইউনিয়নের হুয়াকুয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটেছে।
সরেজমিনে দেখা যায়, হুয়াকুয়া বাজার-সংলগ্ন বড় একটি পাকুড় গাছ উপড়ে পড়েছে গাছের নিচে বসবাস করা ছয়টি পরিবারের বসতঘরে। গাছটির নিচে চাপা পড়ে ঘরের সব কিছু তছনছ হয়ে গেছে। এ ঘটনায় আহত হয় পাঁচ জন। তারা হলেন ফুল মিয়া সরকার, শিরিন বেগম, ফায়মা বেগম, আমেনা ও তাসকিয়া। আহতরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা স্বীকৃতি প্রামানিক জানান, বাড়িঘরের ক্ষয়ক্ষতি ও আহত হওয়ার বিষয়টি আমি শুনেছি। বিষয়টি আমি তাৎক্ষণিক উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাফিউল আজমকে তদন্ত করতে বলেছি। আমরা ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে টিন ও কিছু অর্থ দেব। সেই সঙ্গে পড়ে যাওয়া গাছটি অপসারণের ব্যবস্থা নেব। কালবৈশাখীতে অন্যান্য এলাকায় গাছপালা ও বিভিন্ন ফলের কিছু ক্ষয়ক্ষতি হয়েছে।
লোড হচ্ছে...