নারায়ণগঞ্জসদর
নতুন বাংলাদেশের স্বপ্ন ব্যর্থ হতে দেওয়া যাবে না: সিরাজুল মামুন
NewsView

নিউজভিউ সংবাদদাতা
এগার দলীয় নির্বাচনী ঐক্য মনোনীত প্রার্থী এবিএম সিরাজুল মামুন বলেছেন, বিলাসী রাজনীতি দিয়ে মানুষের সমস্যার সমাধান হবে না। পুরোনো রাজনীতি দিয়ে মানুষের মুক্তি আসবে না। মন্ত্রী এমপিদের জন্য বিলাসবহুল ভবন হয়। তারা আরামের মধ্যে থাকলে মানুষের দুঃখ বুঝবে কীভাবে? আমরা সবাই চাই সুন্দর একটা কিছু আসুক বাংলাদেশে। এই নতুন বাংলাদেশের স্বপ্ন ব্যর্থ হতে দেওয়া যাবে না। স্বপ্নকে পূরণ করতে হবে। ইনসাফ এ দেশে কায়েম হবে।
শুক্রবার (৩০ জানুয়ারি) নারায়ণগঞ্জের কেন্দ্রীয় ঈদগাহ মাঠে সকালে এক পুনর্নিলনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
ইসলামী চিন্তাবিদ ও গবেষক মাওলানা এবিএম সিরাজুল মামুনের গৌরবময় ৪০ বছরের শিক্ষাজীবন ও প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা উপলক্ষে এর আয়োজন করে“গ্র্যান্ড রিইউনিয়ন–২০২৬”।
সিরাজুল মামুন আরও বলেন, তরুণরা জীবন দিয়ে স্বৈরাচার সরকারের পতন ঘটিয়েছে। তাদের কোনো অহংকার নেই। আমরা এই গৌরবের ইতিহাসকে ভুলতে পারি না। কিন্তু মানুষজন শঙ্কায় আবার নতুন কোনো অত্যাচারী শাসক বসছেন কি না? মানুষ কষ্টে আছে। সবাইকে সতর্ক থাকতে হবে। যাদের লক্ষ্য থাকে দুনিয়া নিজেদের পকেট ভারী করা তাদের দ্বারা মানুষের কল্যাণ হতে পারে না।
এতে শিক্ষার্থী, আলেম-ওলামা, শিক্ষক, সমাজকর্মী ও বিশিষ্টরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, মামুন স্যার শুধু একজন শিক্ষক নন—তিনি একজন আদর্শ মানুষ গড়ার কারিগর। তাঁর শিক্ষা, আদর্শ ও মূল্যবোধ আজও শিক্ষার্থীদের জীবন গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
পুনর্মিলনীতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা মঈনুদ্দিন আহমেদ, মহানগর জামায়াতে ইসলামীর আমির মাওলানা আবদুল জব্বার, সেক্রেটারি ইঞ্জিনিয়ার মনোয়ার হোসাইন, খেলাফত মজলিস মহানগর সভাপতি হাফেজ কবির হোসেন, সাধারণ সম্পাদক ইলিয়াস হোসাইন, সহ-সাধারণ সম্পাদক মুফতি শেখ শাব্বীর আহমেদ প্রমুখ।


লোড হচ্ছে...