আদালত
রামিসা হত্যা মামলার সাক্ষ্যগ্রহণ শেষ, বুধবার আসামিদের আত্মপক্ষ সমর্থন
NewsView6

ছবি : সংগৃহীত
নিউজভিউ ডেস্ক
রাজধানীর পল্লবীতে সাত বছর বয়সী শিশু রামিসাকে ধর্ষণের পর গলাকেটে হত্যা মামলার সাক্ষ্যগ্রহণ শেষ হয়েছে। মামলাটিতে ১৭ জন সাক্ষীর মধ্যে ১৬ জনের স্বাক্ষ্য গ্রহণ শেষ করা হয়েছে। আসামিদের আত্মপক্ষ সমর্থনের জন্য আগামীকাল বুধবার দিন ধার্য করেছেন আদালত।
মঙ্গলবার (২ জুন) ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীনের আদালতে মামলার বাদী ও ভিকটিমের বাবা আব্দুল হান্নান মোল্লার জবানবন্দির মাধ্যমে এই মামলায় সাক্ষ্যগ্রহণ শুরু হয়ে ৩টা ২০ মিনিটে সাক্ষ্যগ্রহণ শেষ হয়।
সাক্ষীর মধ্যে পুলিশ, ডাক্তার, ম্যাজিস্ট্রেট, প্রত্যক্ষদর্শী, সুরতহাল রিপোর্টের সাক্ষী, জব্দ তালিকার সাক্ষী, একই বিল্ডিংয়ের সাক্ষী, প্রতিবেশীসহ ভিকটিমের মা-বাবা, বোন ও অন্যান্য আত্মীয়রা ছিলেন।
এদিন সকাল পৌনে নয়টায় মামলার প্রধান আসামী সোহেল রানাকে ঢাকার কেন্দ্রীয় কারাগার কেরানীগঞ্জ থেকে এবং তার স্ত্রী স্বপ্না আক্তারকে কাশিমপুর কারাগার থেকে আদালতে আনা হয়। এসময় তাদেরকে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের হাজতখানায় রাখা হয়। সাক্ষ্যগ্রহণের আগে তাদেরকে এজলাসে নেওয়া হয়।
এর আগে গতকাল সোমবার আদালত সোহেল ও তার স্ত্রী স্বপ্নার বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন। একই দিন বিকালে মামলার বাদীসহ ১৭ জন সাক্ষীকে আদালতে হাজির হওয়ার জন্য সমন জারি করা হয়।
গত ২৪ মে ট্রাইব্যুনাল দুই আসামির বিরুদ্ধে দাখিল করা অভিযোগপত্র আমলে নেয়। এর আগে একই দিনে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আশরাফুল হকের আদালতে মামলার তদন্তকারী কর্মকর্তা পল্লবী থানার উপ-পরিদর্শক অহিদুজ্জামান অভিযোগপত্র জমা দেন। পরে মামলাটি বিচারের জন্য ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালে পাঠানো হয়। মামলায় রাষ্ট্রপক্ষে মোট ১৭ জনকে সাক্ষী করা হয়েছে।
লোড হচ্ছে...