অর্থ-বাণিজ্য
বিমা ও বস্ত্র খাতে শেয়ারের ঢালাও দরপতন
NewsView

নিউজভিউ ডেস্ক
দেশের প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গতকাল রবিবার বিমা ও বস্ত্র খাতের শেয়ারের ঢালাও দরপতন হয়েছে। যার নেতিবাচক প্রভাব পড়েছে মূল্যসূচকে।
বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসইতে গতকাল বেশির ভাগ কোম্পানির শেয়ার ও ইউনিটের দর বাড়ার মধ্যে দিয়ে লেনদেন শুরু হয়। কিন্তু প্রথম এক ঘণ্টার লেনদেন শেষ হতেই বিমা ও বস্ত্র খাতের বেশির ভাগ কোম্পানির শেয়ারদর কমতে থাকে। যার নেতিবাচক প্রভাব পড়ে বাজারে। দিনশেষে এই বাজারে লেনদেনকৃত মোট কোম্পানির মধ্যে দর বেড়েছে ১১৯টির, কমেছে ২২৮টির। আর ৫৮টির দর অপরিবর্তিত রয়েছে। এরমধ্যে লেনদেনকৃত বিমা কোম্পানির ১১টির দর বেড়েছে, কমেছে ৪২টির। তিনটির দাম অপরিবর্তিত রয়েছে। আর বস্ত্রখাতের ১৩টি কোম্পানির শেয়ার দর বেড়েছে। কমেছে ৩৩টির এবং ১২টির দাম অপরিবর্তিত রয়েছে।
এতে ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ১৯ পয়েন্ট কমে ৫ হাজার ২২৬ পয়েন্টে দাঁড়িয়েছে। অন্য দুই সূচকের মধ্যে ডিএসই শরিয়াহ সূচক ৩ পয়েন্ট বেড়ে ১ হাজার ৬২ পয়েন্টে আর বাছাই করা ভালো ৩০ কোম্পানি নিয়ে গঠিত ডিএসই-৩০ সূচক ১১ পয়েন্ট কমে ১ হাজার ৯৭০ পয়েন্টে অবস্থান করছে। সূচক কমার পাশাপাশি ডিএসইতে লেনদেনের পরিমাণও কমেছে। বাজারটিতে লেনদেন হয়েছে ৮৬৮ কোটি ২৩ লাখ টাকা। আগের কার্যদিবসে লেনদেন হয় ৯৯৭ কোটি ৩০ লাখ টাকা। এ হিসাবে আগের কার্যদিবসের তুলনায় লেনদেন কমেছে ১২৯ কোটি ৭ লাখ টাকা।
দেশের প্রধান এই শেয়ার বাজারে গতকাল টাকার অঙ্কে লেনদেনের ভিত্তিতে শীর্ষে ছিল এনসিসি ব্যাংক। কোম্পানিটির ২৫ কোটি ৬৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। দ্বিতীয় স্থানে থাকা বাংলাদেশ ন্যাশনাল ইন্সুরেন্সের শেয়ার লেনদেন হয়েছে ২১ কোটি ৬৭ লাখ টাকার। ২০ কোটি ৮৩ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে রয়েছে ডমিনেজ স্টিল বিল্ডিং। এছাড়া ডিএসইতে লেনদেনের দিক থেকে শীর্ষ ১০ কোম্পানির তালিকায় আরো রয়েছেÑএশিয়াটিক ল্যাবরেটরি, টেকনো ড্রাগস, আরডি ফুড, এপেক্স স্পিনিং, মুন্নু ফেব্রিক্স, মীর আখতার হোসেন লিমিটেড এবং মুন্নু সিরামিক।
অপরবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক সিএএসপিআই কমেছে ৩৯ পয়েন্ট। গতকাল এই বাজারে লেনদেন হয়েছে ৩২ কোটি ১১ লাখ টাকা। আগের কার্যদিবসে লেনদেন হয় ১৮ কোটি ৪৮ লাখ টাকা।
লোড হচ্ছে...