নারায়ণগঞ্জ
প্রশাসনকে মুফতি কাসেমী ‘তোমাদের মতো চুনোপুঁটিরা বেশিদিন সুবিধা করতে পারবে না’
NewsView

নিউজভিউ
নারায়ণগঞ্জ-৪ আসনে বিএনপি জোটের প্রার্থী মুফতি মনির হোসাইন কাসেমী বলেছেন, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের ভেতরে একটি ‘দুষ্টু চক্র’ এখনো ঘাপটি মেরে বসে আছে যারা বিএনপিকে ক্ষমতায় আসতে দিতে চায় না। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বিকেলে ফতুল্লার কুতুবপুর ইউনিয়নের মাহমুদপুর তাজউদ্দীন মার্কেট প্রাঙ্গণে আয়োজিত এক নির্বাচনি উঠান বৈঠকে তিনি এসব কথা বলেন।
মুফতি মনির কাসেমী তাঁর বক্তব্যে ষড়যন্ত্রকারীদের কড়া হুঁশিয়ারি দিয়ে বলেন, “দেশটা কারও বাপের না। অনেক মানুষের রক্তের বিনিময়ে আমরা হাসিনাকে ক্ষমতা থেকে সরিয়েছি। প্রশাসনের ভেতরে যারা এখনো বিএনপিকে ঠেকানোর অপচেষ্টা করছে, তাদের উদ্দেশে বলতে চাই—তোমাদের মতো চুনোপুঁটিরা বেশিদিন সুবিধা করতে পারবে না। সময় হলে এমন শায়েস্তা করা হবে যে পালাবার রাস্তাও খুঁজে পাবে না।”
বিপ্লবের ডাক ও অতীতের ইতিহাস: আসন্ন ১২ ফেব্রুয়ারির নির্বাচনকে সামনে রেখে তিনি বলেন, “আগামী ১২ তারিখ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমরা একটি বিপ্লব ঘটাবো। তবে সেই বিপ্লবে কোনো মারামারি বা ঝগড়াঝাঁটি থাকবে না; সেটি হবে ব্যালট আর সিল মারার বিপ্লব। সবাই ঐক্যবদ্ধ হয়ে খেজুর গাছ মার্কায় সিল মারবেন।”
বিগত দিনের গণআন্দোলনের প্রসঙ্গ টেনে তিনি আরও বলেন, “আমরা ৪৭, ৭১ এবং ৯০-এর আন্দোলনে সফল হয়েছি। ২০২৪ সালেও ছাত্র-জনতা ফুঁসে ওঠায় ১৭ বছরের স্বৈরাচারী হাসিনাকে মাত্র ৩৬ দিনের মধ্যে চাট্টি-বাট্টি গোল করে সাঙ্গপাঙ্গসহ দিল্লি পাঠিয়ে দেওয়া হয়েছে। এবারও জনগণের জয় সুনিশ্চিত।”
উঠান বৈঠকে সভাপতিত্ব করেন স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ। প্রধান বক্তা হিসেবে মুফতি মনির কাসেমী ভোটারদের প্রতিটি ঘরে ঘরে গিয়ে জোটের বার্তা পৌঁছে দেওয়ার নির্দেশ দেন। বৈঠকে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ফতুল্লা থানা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম টিটু, সহ-সভাপতি মো. শহিদুল্লা এবং জেলা জমিয়তে উলামায়ে ইসলামের সাধারণ সম্পাদক মাওলানা ফেরদাউসুর রহমানসহ স্থানীয় বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
লোড হচ্ছে...