জাতীয়
শিক্ষার্থী ও পুলিশসহ আহত ২০
ডুয়েটে নতুন ভিসি নিয়োগকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ
NewsView

নিউজভিউ ডেস্ক
গাজীপুরে অবস্থিত ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (ডুয়েট) নতুন ভাইস চ্যান্সেলর নিয়োগকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। রবিবার সকালে বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে এ ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের শিক্ষার্থী, পুলিশসহ অন্তত ২০ জন আহত হয়েছে।
আহতদের মধ্যে ১৪জনকে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। গুরুতর আহত ৫ শিক্ষার্থীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে ঐ হাসপাতালের আরএমও শেখ ফরহাদ জানিয়েছেন।
জানা গেছে, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোহাম্মদ ইকবালকে গত বৃহস্পতিবার সরকার ডুয়েটের নতুন ভাইস চ্যান্সেলর হিসেবে নিয়োগ প্রদান করে। নিয়োগের প্রজ্ঞাপন জারির পর থেকেই ডুয়েট শিক্ষার্থীদের একটি অংশ ঐ নিয়োগ বাতিলের দাবিতে আন্দোলনে নেমে বিক্ষোভ করে। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষকনেতাও ডুয়েটের জ্যেষ্ঠ শিক্ষকদের মধ্য থেকে ভাইস চ্যান্সেলর নিয়োগের দাবি জানান। এতে রবিবার সকাল থেকে ডুয়েট ক্যাম্পাসে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়।
সংঘর্ষের সময় ভাইস চ্যান্সেলর নিয়োগের পক্ষে ও বিপক্ষে অবস্থান নেওয়া দুই পক্ষের মধ্যে ক্যাম্পাসে পালটাপালটি ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এক পর্যায়ে উত্তেজিত শিক্ষার্থীরা ডুয়েটের প্রধান ফটকের সামনে পুরাতন আসবাবপত্র জড়ো করে তাতে অগ্নিসংযোগ করে।
প্রত্যক্ষদর্শীরা জানান, গত বৃহস্পতিবার রাতে শুরু হওয়া আন্দোলনের ধারাবাহিকতায় রবিবার সকাল ৮টা থেকে শিক্ষার্থীদের একটি অংশ ক্যাম্পাসে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করে। নতুন ভাইস চ্যান্সেলর ডুয়েটে যোগদান করতে পারেন, এমন খবর ছড়িয়ে পড়লে আন্দোলন আরও তীব্র হয়ে ওঠে। একপর্যায়ে আন্দোলনরত শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেয়। পরে নবনিযুক্ত ভাইস চ্যান্সেলরের পক্ষে অবস্থান নেওয়া কয়েকজন শিক্ষার্থীর সঙ্গে আন্দোলনকারীদের বাক-বিতণ্ডা শুরু হয়। এক পর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। সংঘর্ষের সময় দুই পক্ষের মধ্যে ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে।
আন্দোলনকারী শিক্ষার্থীরা জানান, ডুয়েট একটি বিশেষায়িত প্রকৌশল বিশ্ববিদ্যালয় হওয়ায় এখানকার একাডেমিক ও প্রশাসনিক বাস্তবতা অন্যান্য বিশ্ববিদ্যালয়ের তুলনায় ভিন্ন। তাই বিশ্ববিদ্যালয়ের স্বার্থে অভ্যন্তরীণ যোগ্য ও জ্যেষ্ঠ শিক্ষকদের মধ্য থেকেই ভাইস চ্যান্সেলর নিয়োগ দেওয়া দরকার।
গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. আমিনুল ইসলাম জানান, সংঘর্ষের ঘটনায় ডুয়েট ক্যাম্পাস থেকে আহত অবস্থায় ১৪ জনকে আনা হয়েছে। এর মধ্যে ৮ জন শিক্ষার্থী ও ৬ জন পুলিশ সদস্য। পাঁচ জন হাসপাতালে ভর্তি রয়েছেন। বাকিরা প্রাথমিক চিকিৎসা শেষে চলে যায়।
জিএমপি সদর থানার ওসি মো. আমিনুল ইসলাম বলেন, ডুয়েটে ভাইস চ্যান্সেলর নিয়োগকে কেন্দ্র করে কয়েক দিন ধরেই শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা চলছিল। রবিবার সকালে তা সংঘর্ষে গড়ায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কয়েক রাউন্ড টিয়ারশেল নিক্ষেপ করে।
তিনি আরো জানান, ঐ সংঘর্ষ সামাল দিতে গিয়ে ইট-পাটকেলের আঘাতে আমাদের ছয় পুলিশ সদস্য আহত হয়। এ ঘটনায় ডুয়েট ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
লোড হচ্ছে...