সাহিত্য-সংস্কৃতিসদর
শিশুদের মনন বিকাশে নতুন নেতৃত্ব পেল একতা খেলাঘর আসর
NewsView

নিউজ ভিউ
শিশুদের সৃজনশীল বিকাশ, মূল্যবোধের প্রতিষ্ঠা এবং একটি সাম্য ও মানবিক সমাজ গঠনের প্রত্যয়ে নারায়ণগঞ্জে অনুষ্ঠিত হলো 'একতা খেলাঘর আসর'-এর ১৬তম দ্বি-বার্ষিক কাউন্সিল অধিবেশন। নবীন-প্রবীণ সংগঠকদের উপস্থিতিতে এই আয়োজনে আগামী দিনের বাংলাদেশ গড়ার অঙ্গীকার ব্যক্ত করা হয়।
শুক্রবার (৫ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় চাষাড়া সরকারি বালিকা বিদ্যালয়ে ২০২৫-২৭ কার্যবর্ষের জন্য এই সম্মেলন অনুষ্ঠিত হয়। এবারের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়, 'আজকের খেলাঘর আগামী দিনের বাংলাদেশ।'
অধিবেশনের মূল আকর্ষণ ছিল আগামী দুই বছরের জন্য নতুন কার্যকরী কমিটি ঘোষণা। একতা খেলাঘর আসরের সহ-সভাপতি হাফিজুল ইসলাম নতুন ২৫ সদস্য বিশিষ্ট কমিটির নাম ঘোষণা করেন। নবগঠিত কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন রেখা গুণ, সাধারণ সম্পাদকের দায়িত্ব পেয়েছেন সুব্রত রায় এবং সাংগঠনিক সম্পাদক পদে এসেছেন দিপ্ত দেবনাথ।
নতুন কমিটির অন্যান্য গুরুত্বপূর্ণ পদে দায়িত্বপ্রাপ্তরা হলেন: সহ-সভাপতি সুমিত রায়, দীপা রায়, নন্দিনী ঘোষ ও সুমন সাহা, সহ-সাধারণ সম্পাদক রাজলক্ষ্মী, সহ-সাংগঠনিক সম্পাদক যীশু রায়, অর্থ সম্পাদক মৌল্লিকা বিশ্বাস, সাংস্কৃতিক সম্পাদক জিসান ও তাতৈ সাহা, প্রচার ও দপ্তর সম্পাদক রুদ্র সাহা, সাহিত্য সম্পাদক সূচনা দাস, সহ-সাহিত্য সম্পাদক অর্চনা দাস, এবং ক্রীড়া বিষয়ক সম্পাদক সাব্বির হোসেন মাহিম।
এছাড়াও সদস্য হিসেবে দায়িত্ব পেয়েছেন দীপক ভৌমিক, অনিক সাহা, রিপন সাহা, সামিউল ইসলাম, মঞ্জু বেগম ও তুলসী দাস।
কাউন্সিল অধিবেশনে সভাপতিত্ব করেন সংঠনটির সহ-সভাপতি হাফিজুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খেলাঘর নারায়ণগঞ্জ জেলার প্রধান উপদেষ্টা ও শিশু সংগঠক রথীন চক্রবর্তী। তিনি নতুন নেতৃত্বের প্রতি আহ্বান জানিয়ে বলেন, "সমাজ, সংস্কৃতি, রাজনীতি ও শিশু আন্দোলন— এসব ক্ষেত্রে খেলাঘরকে আরও গতিশীল ভূমিকা রাখতে হবে। নতুন নেতৃত্ব যেন আগামী দিনের বাংলাদেশ গঠনে শিশুদের জন্য সৃজনশীল ও মানবিক পরিবেশ তৈরি করে।"
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহ-সভাপতি লক্ষ্মী চক্রবর্তী, মনোয়ারা সুরুজ, সম্পাদক মণ্ডলীর সদস্য ফারুক মহসিন। অনুষ্ঠান সঞ্চালনা করেন নবনির্বাচিত সহ-সভাপতি সুমিত রায়।
অধিবেশন শুরু হয় জাতীয় সংগীতের মধ্য দিয়ে। এরপর শোক প্রস্তাব পাঠ করা হয় এবং বিভিন্ন আন্দোলনে নিহত শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে নীরবতা পালন করা হয়। সাধারণ সম্পাদক সুব্রত রায় বিগত কার্যবর্ষের সম্পাদকের প্রতিবেদন উপস্থাপন করেন, যেখানে সংগঠনের নানামুখী কার্যক্রম ও শিশুদের মনন বিকাশে ভূমিকার কথা তুলে ধরা হয়।
প্রতিবেদন উপস্থাপন শেষে সংগঠক, কর্মী ও শুভাকাঙ্ক্ষীরা বলেন, "একটি সাম্য ও মানবিক বাংলাদেশ গঠনে শিশুদের নিয়ে কাজ করতে হবে। আগামী প্রজন্মকে মূল্যবোধ, মানবিকতা ও দেশপ্রেমে গড়ে তোলাই হতে হবে সংগঠনের মূল লক্ষ্য।"
সর্বসম্মতভাবে নতুন ২৫ সদস্যের কমিটি অনুমোদনের পর শিশু সংগঠক মনোয়ারা সুরুজ নবনির্বাচিত কমিটির শপথবাক্য পাঠ করান। নতুন নেতৃবৃন্দ শপথ নিয়ে শিশুদের মনন বিকাশ, মানসিক-শারীরিক সুস্থতা ও সহশিক্ষার প্রসারে সংগঠিতভাবে কাজ করার অঙ্গীকার করেন।
লোড হচ্ছে...