নারায়ণগঞ্জরূপগঞ্জ
দিপু ভূইঁয়া
বিএনপি ক্ষমতায় এলে বৈধভাবে গ্যাস দেওয়ার ব্যাপারে চেষ্টা করা হবে: দিপু ভূইঁয়া
NewsView

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত 'রাষ্ট্র সংস্কারের ৩১ দফা' বাস্তবায়নের লক্ষ্যে নারায়ণগঞ্জের রূপগঞ্জে বিপুল সংখ্যক নারীর অংশগ্রহণে এক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এসময় নারায়ণগঞ্জ-১ আসনের বিএনপির মনোনীত প্রার্থী মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু ক্ষমতায় গেলে অসহায় নারীদের প্রতি মাসে সম্মানী দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন।
নিউজ ভিউ, নারায়ণগঞ্জ:
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত 'রাষ্ট্র সংস্কারের ৩১ দফা' বাস্তবায়নের লক্ষ্যে নারায়ণগঞ্জের রূপগঞ্জে বিপুল সংখ্যক নারীর অংশগ্রহণে এক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এসময় নারায়ণগঞ্জ-১ আসনের বিএনপির মনোনীত প্রার্থী মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু ক্ষমতায় গেলে অসহায় নারীদের প্রতি মাসে সম্মানী দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন।শুক্রবার (২১ নভেম্বর) বিকেলে উপজেলার চনপাড়া পুনর্বাসন কেন্দ্রের খেলার মাঠে কায়েতপাড়া ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সংগঠনের উদ্যোগে এই সমাবেশটি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় মহিলা দলের সহসভাপতি জাহানারা বেগম।
মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু বলেন, বিএনপির ৩১ দফায় নারীদের সমাজে প্রতিষ্ঠিত করার কথা সুস্পষ্টভাবে বলা হয়েছে। তিনি জোর দিয়ে বলেন:
"বিএনপি ক্ষমতায় গেলে অসহায় নারীরা প্রতি মাসে তাদের একটি সম্মানী পাবেন। তাদের আর কষ্ট করতে হবে না।"
তিনি চনপাড়ার গ্যাস, মাদক ও স্থায়ীত্বের সমস্যা নিয়ে বলেন, বিগত সরকারের আমলে গ্যাস দেওয়ার কথা বলে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের সন্ত্রাসীরা টাকা-পয়সা লুটাপাট করেছে। তিনি প্রতিশ্রুতি দেন, বিএনপি ক্ষমতায় এলে বৈধভাবে গ্যাস দেওয়ার ব্যাপারে চেষ্টা করা হবে, এলাকায় রাস্তাঘাট, সেতু, কালভার্ট তৈরি ও সংস্কার করা হবে। আগামী নির্বাচনে নারীদের ক্ষমতায়নে বিশেষ ভূমিকা রাখা হবে।
এছাড়াও তিনি নির্বাচিত হলে চনপাড়া পুনর্বাসন কেন্দ্রের মানুষ যেন স্থায়ীভাবে নিজেদের জমিতে বসবাস করতে পারে, সেই ব্যবস্থা করা হবে এবং রূপগঞ্জকে মাদকমুক্ত এলাকা হিসেবে গড়ে তোলা হবে।
সমাবেশে চনপাড়া পুনর্বাসন কেন্দ্রের বিভিন্ন ওয়ার্ড থেকে আসা বিভিন্ন বয়সী নারীরা সরাসরি মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপুর কাছে তাদের দৈনন্দিন সমস্যাগুলো তুলে ধরেন। তাদের দাবির মধ্যে ছিল: শিক্ষা, স্বাস্থ্য, চিকিৎসা, রাস্তাঘাট, বেকারত্ব, মাদক, গ্যাস সমস্যা এবং জলাবদ্ধতা থেকে মুক্তি।
মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু সবশেষে বলেন, "আগামী নির্বাচনে আপনাদের দেওয়া সর্বোচ্চ ভোটে জয়ী হয়ে তারেক রহমানকে এ আসন উপহার দেব, ইনশাআল্লাহ।"
লোড হচ্ছে...