রাজনীতিসদর
নারায়ণগঞ্জে নুরুল হক নুর
মব ভায়োলেন্স করে জুলাই ঐক্য নস্যাতের চক্রান্ত চলছে
NewsView

নিউজভিউ
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে দেশে ‘মব ভায়োলেন্স’ বা গণ-সহিংসতা উসকে দিয়ে জুলাই বিপ্লবের জাতীয় ঐক্য নস্যাতের গভীর ষড়যন্ত্র চলছে বলে সতর্ক করেছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর। শনিবার (১৭ জানুয়ারি) রাতে নারায়ণগঞ্জের ফতুল্লার তল্লা রেললাইন এলাকায় তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্মরণে আয়োজিত এক শোক সভা ও দোয়া মাহফিলে তিনি এ মন্তব্য করেন।
নুর বলেন, “৫ আগস্টের পর একটি মহল রাতারাতি বদলে গেছে। তারাই এখন নির্বাচন বানচালের উদ্দেশ্যে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের ‘ভারতীয় দালাল’ কিংবা ‘ইসরাইলের চর’ আখ্যা দিয়ে দেশে অরাজকতা সৃষ্টি করছে। তাদের মূল লক্ষ্য বাংলাদেশকে বিশ্বের কাছে একটি অস্থিতিশীল রাষ্ট্র হিসেবে চিহ্নিত করা এবং জুলাই আন্দোলনের মাধ্যমে অর্জিত জনগণের ঐক্যকে ধ্বংস করা।”
বক্তব্যের একপর্যায়ে তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, “আগে যারা ফ্যাসিস্ট বিরোধী কথা বলে ভিডিও দিত, তাদের আমরা নিজেদের মনে করেছিলাম। কিন্তু এখন তারাই আইন উপদেষ্টা আসিফ নজরুলের মতো ব্যক্তিদের চরিত্রহনন করছে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সালাহউদ্দিন আহমেদ, আমীর খসরু মাহমুদ চৌধুরী এবং রুমিন ফারহানাদের মতো ত্যাগী নেতাদেরও ভারতীয় দালাল বানানো হচ্ছে। এরা আসলে কারা? এরা মূলত মব ভায়োলেন্সের মাধ্যমে একটি অসহিষ্ণু সমাজ তৈরি করে রাজনৈতিক ফায়দা লুটতে চায়।”
নুরুল হক নুর আরও বলেন, “আমরা রাজপথে লড়াই করেছি, রক্ত দিয়েছি, নির্যাতিত হয়েছি। আজ সেই আন্দোলনের সুফল যখন নির্বাচনের মাধ্যমে ঘরে তোলার সময় এসেছে, তখন একটি বিশেষ মহল বিভেদ ও বিদ্বেষ ছড়িয়ে জুলাই ঐক্য নস্যাৎ করতে চাইছে। এই অপশক্তিকে রুখে দিতে দেশবাসীকে সজাগ থাকতে হবে।”
‘ঢাকাস্থ গলাচিপা-দশমিনার সর্বস্তরের জনগণ’ ব্যানারে আয়োজিত এই শোক সভায় গণ অধিকার পরিষদের জেলা ও মহানগর কমিটির শীর্ষ নেতৃবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
লোড হচ্ছে...