রাজনীতি
আগামী ১০ মার্চ থেকে শুরু হবে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম
NewsView4

নিউজভিউ ডেস্ক
ফ্যামিলি কার্ড বিতরণের কার্যক্রম আগামী ১০ মার্চ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার দুপুরে নারী ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. আবু জাফর মো. জাহিদ হোসেন এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, ফ্যামিলি কার্ডধারীরা প্রতি মাসে ২ হাজার ৫০০ টাকা পাবেন।
আসন্ন ঈদের আগেই হতদরিদ্রদের হাতে ‘ফ্যামিলি কার্ড’ পৌঁছে দিতে গত ১৯ ফেব্রুয়ারি মন্ত্রিসভা কমিটি গঠন করে সরকার। এ-সংক্রান্ত এক প্রজ্ঞাপনে বলা হয়, প্রান্তিক ও নিম্ন আয়ের পরিবারকে সুরক্ষা দেওয়ার জন্য ‘ফ্যামিলি কার্ড প্রদানসংক্রান্ত মন্ত্রিসভা কমিটি’ গঠন করা হয়েছে। কমিটির সভাপতি হলেন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। তার নেতৃত্বে এই কমিটিতে ১৪ জন সদস্য রয়েছেন।
সারাদেশে প্রায় ১০ হাজার প্রান্তিক ও নিম্ন আয়ের পরিবারকে ‘ফ্যামিলি কার্ড’ দেওয়ার মাধ্যমে কর্মসূচিটির পরীক্ষামূলক কার্যক্রম শুরুর পরিকল্পনা নিয়েছে সরকার। চলতি ২০২৫-২৬ অর্থবছরের শেষ চার মাসে (মার্চ-জুন) এই কর্মসূচি পরিচালনায় সরকারের সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে আট থেকে ১০ কোটি টাকা। রবিবার অর্থ মন্ত্রণালয়ে অনুষ্ঠিত ফ্যামিলি কার্ড প্রদান-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির প্রথম বৈঠকে এ-সংক্রান্ত প্রস্তাব উপস্থাপন করা হয়।
অর্থ বিভাগের প্রাথমিক হিসাবে, চার মাসের জন্য কর্মসূচি বাস্তবায়নে প্রতি মাসে দুই হাজার টাকা করে দেওয়া হলে আট কোটি টাকা এবং আড়াই হাজার টাকা করে দেওয়া হলে ১০ কোটি টাকা প্রয়োজন হবে। বৈঠকে উপকারভোগীর সংখ্যা, নির্বাচনের মানদণ্ড এবং বাস্তবায়ন নীতিমালা চূড়ান্ত করে একটি সুস্পষ্ট প্রস্তাবনা তৈরির নির্দেশ দেওয়া হয়েছে। মহিলা ও শিশুবিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়কে আগামী মঙ্গলবারের মধ্যে এ বিষয়ে একটি প্রতিবেদন কমিটির কাছে জমা দিতে বলা হয়েছে। অর্থমন্ত্রীর নেতৃত্বাধীন কমিটির প্রতিবেদনটি অনুমোদন করলে তা প্রধানমন্ত্রীর কাছে উপস্থাপন করা হবে। উপকারভোগীর চূড়ান্ত সংখ্যা ও ভাতার পরিমাণ প্রধানমন্ত্রী নির্ধারণ করবেন।
সমাজকল্যাণ মন্ত্রী বলেন, কোনো রাজনৈতিক পরিচয়ে নয়, সম্পূর্ণ নিরপেক্ষভাবে সুবিধাভোগী নির্বাচন করা হবে। প্রাথমিকভাবে ১৩টি উপজেলায় পাইলট প্রকল্প হিসেবে শুরু হবে। এর ৪ মাস পর পর্যায়ক্রমে সারাদেশে তিন শ্রেণির হতদরিদ্ররা ফ্যামিলি কার্ড পাবেন।
লোড হচ্ছে...