জাতীয়
অভিযোগ ছাত্রদল-যুবদলের বিরুদ্ধে
নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা
NewsView6

নিউজভিউ ডেস্ক
ঝিনাইদহে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার অভিযোগ উঠেছে। শুক্রবার (২২ মে) জুমার নামাজ শেষে জেলা প্রশাসকের বাসভবনের বিপরীতে পৌর কালেক্টরেট জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে। হামলায় ডিম, ইট-পাটকেল নিক্ষেপ এবং হকিস্টিক দিয়ে আঘাত করা হয়েছে বলে অভিযোগ করেছেন তিনি।
ঘটনার পর নাসীরুদ্দীন পাটওয়ারী তার ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে অভিযোগ করেন, পূর্বনির্ধারিত কর্মসূচি অনুযায়ী জুমার নামাজ শেষে মসজিদ থেকে বের হওয়ার পর পুলিশের উপস্থিতিতেই ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা তাদের ওপর হামলা চালায়।
পোস্টে তিনি লেখেন, ‘প্রথমে ডিম ও ইট-পাটকেল নিক্ষেপ করা হয়। পরে হকিস্টিক দিয়ে অতর্কিতভাবে আঘাত করা হয়। তিনজনের মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে এবং বেশ কয়েকজন আহত হয়েছেন। আমাকে লক্ষ্য করেও কিল-ঘুষি মারা হয়েছে।’
তিনি আরও অভিযোগ করেন, হামলাকারীরা তাদের মোবাইল ফোন, ক্যামেরা ও মানিব্যাগ ছিনিয়ে নেয়। ঘটনার পর তারা থানায় অবস্থান নিয়ে মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন বলেও জানান। একইসঙ্গে ছাত্রদল, যুবদল ও বিএনপির নেতাকর্মীরা থানার সামনে আবারও হামলার প্রস্তুতি নিচ্ছে বলেও দাবি করেন তিনি।
প্রত্যক্ষদর্শীরা জানান, জুমার নামাজ শেষে মসজিদ থেকে বের হওয়ার সময় ইসলামী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহম্মেদ নাসীরুদ্দীন পাটওয়ারীর সঙ্গে কথা বলতে যান। ঠিক তখনই পেছন থেকে কয়েকজন যুবক ডিম নিক্ষেপ ও হামলা শুরু করে। এতে এনসিপির কয়েকজন স্থানীয় নেতাকর্মী আহত হন।
এ ঘটনায় এনসিপির নেতাকর্মীরা ক্ষোভ প্রকাশ করে এলাকায় বিক্ষোভ মিছিল করেন। বিক্ষোভ থেকে হামলায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবি জানানো হয়। একইসঙ্গে স্বরাষ্ট্র ও আইনমন্ত্রীর পদত্যাগও দাবি করেন তারা।
এনসিপির যুগ্ম সদস্য সচিব তারেক রেজা বলেন, ‘আমরা মসজিদ থেকে নামাজ পড়ে বের হওয়ার পরপরই হামলার শিকার হয়েছি। যদি মসজিদেও নিরাপত্তা না থাকে, তাহলে মানুষ কোথায় নিরাপদ থাকবে?’
অন্যদিকে নাসীরুদ্দীন পাটওয়ারী সাংবাদিকদের বলেন, ‘আমাদের ওপর সশস্ত্র হামলা চালানো হয়েছে। হকিস্টিক ও অস্ত্রশস্ত্র নিয়ে হামলা করা হয়েছে। আমাদের অনেকের কাছ থেকে ফোন, ক্যামেরা ও মানিব্যাগ ছিনিয়ে নেওয়া হয়েছে। আমরা এ ঘটনার সুষ্ঠ বিচার চাই।’
তবে জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক শাহরিয়ার রাসেল দাবি করেছেন, এ ঘটনার সঙ্গে ছাত্রদলের কেউ জড়িত নয়।
সদর থানার ওসি আসাদউজ্জামান বলেন, পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে। শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টে পুলিশ মোতায়েন করা হয়েছে। নাসীরুদ্দীন পাটওয়ারী থানায় এসেছেন। এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাইনি।
লোড হচ্ছে...