খেলা
নাটকীয় জয়ে সিরিজ শুরু করলো বাংলার মেয়েরা
NewsView

নিউজভিউ ডেস্ক
রাজশাহীর মাটিতে সিরিজ শুরুর ওয়ানডেতে ব্যাটিং বিপর্যয় হলেও শারমিন আক্তারের অনবদ্য ফিফটি আর স্বর্ণা-সোবহানার জুটিতে বড় জয়ের মুখেই ছিল টাইগ্রেসরা। কিন্তু শেষদিকে মাত্র ২ রানে ৪ উইকেট তুলে নিয়ে ম্যাচের মোড় ঘুরিয়ে দেয় শ্রীলঙ্কান নারীরা। এত উত্থান পতনের পরও ৩ উইকেটে জিতে সিরিজ শুরু করে বাংলাদেশ।
শুরুতে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেটে ২০৫ রান করে শ্রীলঙ্কা। জবাবে ৯ বল ও ৩ উইকেট হাতে রেখেই জয়ের দিকে পৌঁছে যায় স্বাগতিক বাংলাদেশ।
যদিও শুরুটা অতো ভালো হয়নি বাংলাদেশের। শারমিন সুলতানা শূন্য, জুয়াইরিয়া ফেরদৌস ৫ ও দলনেতা নিগার সুলতানা জ্যোতি ১৩ রানেই মাঠ ছাড়েন।
মাত্র ৩৪ রানে ৩ উইকেট হারিয়ে চাপে পড়া দলের হাল ধরেন শারমিন আক্তার ও সোবহানা মোস্তারি। এই দুই ব্যাটার মিলে গড়েন ৮৭ রানের জুটি। ৫৬ বলে ৪১ রান করার পর রিটায়ার্ট হার্ট হয়ে ক্রিজ ছেড়ে আসেন সোবহানা।
এরপর স্বর্ণা আক্তারের সঙ্গে ৬৮ রানের জুটি গড়ে দলকে জয়ের সীমানায় নিয়ে যান শারমিন। কিন্তু জয় নিয়ে মাঠ ছাড়তে পারেননি তিনি। ১২৭ বলে ৮৬ রানের এই অনবদ্য ইনিংসটি ১৩টি চারে জমে উঠেছিল।
এরপর মাত্র ২ রান তুলেই মাঠ ছাড়েন স্বর্ণা, রাবেয়া ও রিতুমনি। আউট হওয়ার আগে স্বর্ণা ৩৫, রিতুমনি শূন্য ও রাবেয়া ১ রান করেন। পরে সুলতানা খাতুনকে নিয়ে জয় নিশ্চিত করেন নাহিদা।
টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন লঙ্কান অধিনায়ক হাসিনি পেরেরা। তাদের ইনিংসে আসে দুটি ফিফটি। সর্বোচ্চ ৫৪ রান করেন হানসিমা করুনারত্নে। আর ইমেশা দুলানি করে ৫২ রান। এছাড়া কাভিশা দিলহারি ৩০, হাসিনি পেরেরা ২৭ ও কৌশানি ১৮ রান করেন। বাকি ব্যাটারদের কেউই দশের ঘর ছুঁতে পারেননি।
বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ তিনটি উইকেটের দেখা পান রিতুমনি। দুটি উইকেট নেন নাহিদা আক্তার। এছাড়া একটি করে উইকেট পেয়েছেন চারজন বোলার।
লোড হচ্ছে...