রাজনীতিসদর
ফতুল্লায় স্বেচ্ছাসেবক দল নেতার কার্যালয়ে হামলা ও গুলির অভিযোগ
NewsView

নিউজভিউ
নারায়ণগঞ্জের ফতুল্লায় বিএনপির সহযোগী সংগঠন স্বেচ্ছাসেবক দলের এক নেতার কার্যালয়ে সন্ত্রাসী হামলা, ব্যাপক ভাঙচুর ও গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। শনিবার (২৪ জানুয়ারি) রাত ১১টার দিকে ফতুল্লা থানাধীন পূর্ব সস্তাপুর এলাকায় ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড সংলগ্ন কার্যালয়টিতে এই হামলার ঘটনা ঘটে। অভিযোগ উঠেছে, হামলাকারীরা কার্যালয় থেকে নগদ অর্থ লুট করার পাশাপাশি আশপাশের বেশ কিছু যানবাহনও ভাঙচুর করেছে।
ভুক্তভোগী ও ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক শাহীন মোহাম্মদ সুজন ওরফে এসকে শাহীন এই ঘটনায় ফতুল্লা মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে উল্লেখ করা হয়েছে, পূর্ব শত্রুতার জেরে রবিন ওরফে পিস্তল রবিন, মিঠুসহ ১৮ থেকে ২০ জনের একটি সশস্ত্র দল রাত ১১টার দিকে তালাবদ্ধ কার্যালয়ে হামলা চালায়। হামলাকারীরা কার্যালয়ের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে আসবাবপত্র ভাঙচুর করে এবং প্রায় ১০ লাখ টাকা ও সিসিটিভি ক্যামেরা লুট করে নিয়ে যায়।
লিখিত অভিযোগে আরও দাবি করা হয়, হামলাকারীরা ঘটনাস্থল ত্যাগ করার সময় আতঙ্ক সৃষ্টি করতে ১২ থেকে ১৪ রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে এবং সড়কে থাকা ৮ থেকে ১০টি ওষুধ পরিবহনের পিকআপ ভ্যান ও সিএনজি অটোরিকশা ভাঙচুর করে। অভিযোগকারী শাহীন মোহাম্মদ সুজনের দাবি, হামলাকারীরা সাবেক নিষিদ্ধ সংগঠনের রাজনীতির সাথে জড়িত এবং ৫ আগস্ট থানা থেকে লুট হওয়া অস্ত্র এই হামলায় ব্যবহার করা হয়েছে।
এ বিষয়ে শাহীন মোহাম্মদ সুজন গণমাধ্যমকে জানান, গুলির শব্দ শুনে তিনি হামলার বিষয়টি জানতে পারেন এবং দ্রুত পুলিশকে অবহিত করেন। তিনি এই ঘটনার সাথে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। হামলার খবর পেয়ে রাতেই বিএনপি ও অঙ্গসংগঠনের স্থানীয় নেতাকর্মীরা ঘটনাস্থল পরিদর্শন করেন।
ফতুল্লা মডেল থানার ইন্সপেক্টর (অফিসার ইনচার্জ) আবদুল মান্নান জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে। ঘটনার সাথে জড়িতদের গ্রেপ্তারে বিভিন্ন স্থানে অভিযান চালানো হচ্ছে এবং এই বিষয়ে আইনগত মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
লোড হচ্ছে...