জাতীয়
কলেজ শিক্ষার্থীর তৈরি স্মার্ট কারে প্রধানমন্ত্রী
NewsView

নিউজভিউ ডেস্ক
বিশেষ চাহিদাসম্পন্ন তরুণ ওয়াকিমুল ইসলামের তৈরি স্মার্ট কারে চড়ে তাকে উৎসাহ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি জানান, আজ শনিবার (৯ মে) সকালে প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর তেজগাঁও কার্যালয়ে সাক্ষাৎ করেন কলেজ শিক্ষার্থী ওয়াকিমুল ইসলাম। এ সময় সে সরকারপ্রধানের সঙ্গে তার বানানো স্মার্ট কারে চড়েন। ব্যাটারিচালিত বিশেষ এই যানের নাম দেওয়া হয়েছে “এ টু আই স্মার্ট কার”।
উপ-প্রেস সচিব আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান দেশীয় প্রযুক্তি ব্যবহার করে এই বাহন তৈরি করায় ১৭ বছরের ওই তরুণের প্রশংসা করেন। একই সঙ্গে তিনি কম খরচে আরও আধুনিক ও সহজে ব্যবহারযোগ্য স্মার্ট কার তৈরির পরামর্শও দেন। পাশপাশি এই ধরনের সৃজনশীল উদ্যোগে সরকারি সহযোগিতার আশ্বাস দেন প্রধানমন্ত্রী।
তারেক রহমানকে স্মার্ট কার তৈরির পুরো গল্প শোনান ওয়াকিমুল ইসলাম। বিশেষ চাহিদাসম্পন্ন এই তরুণ জানান, এক সময় তিনি সারাদিন বাসায় বসে থাকতেন, বাইরে বের হতে পারতেন না। কীভাবে বাইরে একা চলাফেরা করা যায়, সেই চিন্তা থেকে কারটি বানানো শুরু করেন।
এই স্মার্ট কার নির্মাতা যশোরের চৌগাছা সরকারি কলেজে একাদশ শ্রেণির বিজ্ঞান বিভাগে পড়েন। তার বাবা একজন ক্ষুদ্র ব্যবসায়ী।
ওয়াকিমুল জানান, সহযোগিতা পেলে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে আরও উন্নতমানের স্মার্ট কার বানানো সম্ভব। বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তি ছাড়াও প্রবীণরাও সেটি ব্যবহার করতে পারবেন।
ওয়াকিমুল ইসলামের সঙ্গে ছিলেন বাংলাদেশ প্রতিবন্ধী কল্যাণ সমিতির (বিপিকেস) প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক আবদুস সাত্তার দুলাল। তিনি জানান, গাড়িটি বৈদ্যুতিক চার্জে ৫০ কিলোমিটার পর্যন্ত চলতে পারে। ঘণ্টায় সর্বোচ্চ গতি ৪৫ কিলোমিটার।
এ সময় প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন তাঁর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলাম, মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার এবং অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনসহ কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
লোড হচ্ছে...