জাতীয়
নয়া আকাঙ্ক্ষার সংসদ নাকি পুরনো সংস্কৃতির আওয়াজ
NHP NewsView

কাজল কানন
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন—একটি নতুন শুরুর প্রতিশ্রুতি নিয়ে জাতি তাকিয়ে আছে সংসদের দিকে। ভোট দিতে না পারা, রাজনৈতিক অস্থিরতা, জুলাইয়ের অভ্যুত্থানে প্রাণহানি এবং পরিবর্তনের দাবিতে সোচ্চার মানুষের আকাঙ্ক্ষার ওপর দাঁড়িয়ে গঠিত এই সংসদ। এটি কেবল একটি সাংবিধানিক রুটিন নয়; বরং আস্থা পুনর্গঠনের একটি গুরুত্বপূর্ণ মঞ্চ। কিন্তু অধিবেশনের শুরুতেই যে সংকেতগুলো সামনে এসেছে, তা থেকে প্রশ্ন জাগে—সংসদ কি সত্যিই নতুন, নাকি কেবল মুখগুলো বদলেছে, সংস্কৃতি রয়ে গেছে আগের মতোই?
সংসদ সদস্যদের পোশাক—অধিবেশনে কে টি-শার্ট বা জার্সি পরে এলেন, আর কে স্যুট বা পাঞ্জাবিতে—এই বিতর্ক দিয়ে শুরু করা যাক। এটি কোনো নীতিনির্ধারণী প্রশ্ন নয়, রাষ্ট্র পরিচালনারও নয়। বরং এটি এক ধরনের ‘চমক রাজনীতি’, যা মিডিয়া-সুলভ মনোযোগ কাড়ে, কিন্তু জনজীবনের কোনো বাস্তব সমস্যার সমাধান করে না। অতীতেও আমরা এই প্রবণতা দেখেছি—জনপ্রতিনিধিরা কখনো প্রতীকী আচরণের মাধ্যমে আলোচনায় এসেছেন, কিন্তু সেই আলোচনার স্থায়িত্ব যেমন ক্ষণস্থায়ী ছিল, তেমনি এর প্রভাবও ছিল শূন্যের কাছাকাছি। জনগণ হয়তো এতে সাময়িক বিনোদন পেতে পারে, কিন্তু রাষ্ট্রনীতি বিনোদনের জায়গা নয়। এখানে এসে জনদায় এড়িয়ে যাওয়ার কোনো সুযোগ নেই। তারপরও এই ব্যত্যয় বারবার ঘটে, যা গণতান্ত্রিক রাজনীতিকে কোনোভাবেই শক্তিশালী করে না।
কিন্তু পোশাকের চেয়েও বড় সমস্যা সংসদের ভেতরের আচরণগত সংস্কৃতি। তারা কী নিয়ে কথা বলছেন, কার পক্ষে বলছেন এবং কীভাবে বলছেন—এসবই জনগণের চিন্তা ও মূল্যায়নকে প্রভাবিত করে। কিন্তু বারবার দেখা যায়, অনেক সংসদ সদস্য এই বিষয়গুলোকে যথেষ্ট গুরুত্ব দেন না। ফলে সংসদীয় গণতন্ত্র চর্চার পরিসর সংকুচিত হয়ে আসে। জাতীয় সংসদের স্পিকার নিজেই সংসদ সদস্যদের ‘আদব’ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন—যদিও সেটি স্পিকারের চেয়ারকে সম্মান জানানোর প্রসঙ্গে। প্রশ্ন হলো, এই ‘আদব’ কি কেবল স্পিকারের চেয়ার পর্যন্ত সীমাবদ্ধ, নাকি এটি জনগণের প্রতিও বিস্তৃত হওয়ার কথা? সংসদের প্রতিটি মিনিটের ব্যয় বহন করে জনগণ। সেই জনগণের প্রতি কি একই সম্মান, একই সংযম, একই দায়িত্ববোধ দেখা যায়? যদি সংসদের ভেতরে শৃঙ্খলা ও সহনশীলতা অনুপস্থিত থাকে, তবে বাইরে গণতন্ত্রের বার্তা কতটা বিশ্বাসযোগ্য হয়ে ওঠে?
সংসদ কোনো ‘একমতের ক্লাব’ নয়—এটি হওয়া উচিত মতভেদ ধারণ করার একটি প্রাতিষ্ঠানিক কেন্দ্র। একমত হওয়ার জায়গা দলীয় কার্যালয়; সংসদ হলো বিতর্কের জায়গা। ফলে ভিন্নমত হলেই তাকে চেপে ধরার প্রবণতা শুধু দৃষ্টিকটূ নয়, সংসদীয় শিষ্টাচারেরও পরিপন্থী। কিন্তু আমাদের সংসদীয় ইতিহাস বারবার দেখিয়েছে, ভিন্নমতকে জায়গা না দিলে সংসদ দলকেন্দ্রিক প্রতিধ্বনি-কক্ষে পরিণত হয়। অতীতে এই ‘দলকানা’ সংসদের বিরুদ্ধে জনগণের ক্ষোভ কম ছিল না। নতুন সংসদের কাছে তাই প্রত্যাশা ছিল—ভিন্ন কণ্ঠকে জায়গা দেওয়া, যুক্তির লড়াইকে স্বাগত জানানো এবং বিরোধিতাকে শত্রুতা হিসেবে না দেখা। কিন্তু প্রথম অধিবেশনেই যদি পুরনো অসহনশীলতার ছাপ দেখা যায়, তবে আশঙ্কা জাগে—আমরা কি আবার সেই একই চক্রে ফিরে যাচ্ছি?
এই প্রেক্ষাপটে সংসদ সদস্যদের জন্য গাড়ি, দপ্তর বা উপজেলা পর্যায়ে কক্ষ বরাদ্দের দাবি নতুন করে বিতর্ক উসকে দিয়েছে। যুক্তি দেওয়া হয়েছে—জনসংযোগ বাড়ানো, মাঠপর্যায়ে কাজ করা এবং প্রশাসনের সঙ্গে সমন্বয়ের জন্য এসব সুবিধা প্রয়োজন। এই যুক্তি পুরোপুরি অগ্রাহ্য করা যায় না। জনপ্রতিনিধির কাজের একটি বড় অংশই জনগণের কাছে যাওয়া। কিন্তু সমস্যা তখনই শুরু হয়, যখন প্রয়োজনীয় বিষয়টি ধীরে ধীরে ‘অধিকারভিত্তিক সুবিধা কাঠামোতে’ রূপ নেয়।
রাষ্ট্রের সম্পদ সীমিত। এই বাস্তবতায় সংসদের প্রথম অধিবেশনেই জনপ্রতিনিধিদের নিজেদের সুবিধার প্রশ্ন তোলা কতটা নৈতিক ও রাজনৈতিকভাবে সংবেদনশীল—সেটি বিবেচ্য। বিশেষ করে যখন এই সংসদ এসেছে পরিবর্তনের প্রতিশ্রুতি নিয়ে। জুলাইয়ের অভ্যুত্থান বা বৈষম্যবিরোধী আন্দোলনে সামনে থাকা কোনো নেতার পক্ষ থেকে এমন দাবি তোলা আরও তাৎপর্যপূর্ণ ইঙ্গিত বহন করে। এটি আমাদের সমাজকে আরও বৈষম্যের দিকে ঠেলে দিতে পারে—বিশেষত যখন জনগণ অর্থনৈতিক চাপ, কর্মসংস্থানের সংকট এবং নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধির সঙ্গে লড়ছে। এমন সময়ে যদি জনপ্রতিনিধিদের অগ্রাধিকার তালিকার শীর্ষে নিজেদের সুবিধা উঠে আসে, তবে সেটি একটি প্রতীকী বার্তা দেয়—এবং সেই বার্তাটি খুব আশাব্যঞ্জক নয়।
আরও উদ্বেগজনক হলো এই দাবির প্রতি রাজনৈতিক সমর্থনের ধরন। সংসদে যখন বিরোধীদলীয় নেতা বলেন—“ছোটদের না বলতে নেই”—তখন সেটি শুধু একটি মন্তব্য নয়; বরং নীতিনির্ধারণের ভাষাগত ও কাঠামোগত দুর্বলতার প্রতিফলন। রাষ্ট্র পরিচালনা কোনো ব্যক্তিগত সহানুভূতির জায়গা নয়; এটি যুক্তি, অগ্রাধিকার, ব্যয়-সামঞ্জস্য এবং ন্যায্যতার ভিত্তিতে দাঁড়ানোর একটি অঙ্গীকার। যদি সিদ্ধান্তের ভিত্তি হয় বয়স বা আবেগ, তবে তা প্রাতিষ্ঠানিক নিরপেক্ষতাকে দুর্বল করে এবং জনগণকে দেওয়া অঙ্গীকারকেও প্রশ্নবিদ্ধ করে। এমন ব্যর্থতা থেকেই জন্ম নেয় ব্যক্তিকেন্দ্রিক আকাঙ্ক্ষা, যা গণতান্ত্রিক চর্চাকে দুর্বল করে।
একজন সংসদ সদস্য ৭০ হাজার টাকা যাতায়াত ভাতা পান। এছাড়াও বছরে ১ লাখ ২০ হাজার টাকা ভ্রমণ ভাতা পান সংসদ সদস্যরা। বাংলাদেশের তিনশ নির্বাচনী এলাকাতেই এমন বহু পরিবার রয়েছে, যাদের ৭০ হাজার টাকায় পুরো সংসার চলে। তারা কিন্তু ভোট দিয়ে প্রতিনিধিত্ব করার জন্য এমপিদের সংসদে পাঠিয়েছেন। তাই এই বৈষম্যের বাস্তবতা সংসদ সদস্যদের গভীরভাবে অনুধাবন করা প্রয়োজন।
এখানে একটি বড় প্রশ্ন উঠে আসে—জনপ্রতিনিধির কার্যকারিতা কি অবকাঠামোগত সুবিধার ওপর নির্ভরশীল, নাকি তার রাজনৈতিক দায়বদ্ধতা, উপস্থিতি এবং জবাবদিহির ওপর? যদি আমরা ধরে নিই, একটি গাড়ি বা একটি সজ্জিত দপ্তরই কার্যকারিতার মূল মাপকাঠি, তবে জনপ্রতিনিধিত্ব ধীরে ধীরে প্রশাসনিক সুবিধানির্ভর একটি পেশায় পরিণত হবে। এতে জনপ্রতিনিধি এবং একজন প্রশাসনিক কর্মকর্তার মধ্যে মৌলিক পার্থক্যটি ঝাপসা হয়ে যায়।
উপজেলা পর্যায়ে সংসদ সদস্যদের জন্য নির্দিষ্ট কক্ষ বরাদ্দের বিষয়টিও একইভাবে বিশ্লেষণের দাবি রাখে। এটিকে প্রশাসনিক সমন্বয়ের অংশ হিসেবে ব্যাখ্যা করা হলেও, বাস্তবে এটি রাজনৈতিক ও প্রশাসনিক সীমারেখাকে আরও অস্পষ্ট করে তোলে। একটি পৃথক, স্থায়ী ও সজ্জিত কক্ষ মানে শুধু কাজের সুবিধা নয়; এটি স্থানীয় ক্ষমতার ভারসাম্যেও প্রভাব ফেলে। প্রশাসনের নিরপেক্ষতা তখন কতটা অটুট থাকবে—সেটি একটি বড় প্রশ্ন। বিশেষ করে যদি সংসদ সদস্যরা সর্বত্র প্রভাব বিস্তারের প্রবণতা থেকে সরে আসতে না পারেন, তবে শাসনকাজের স্বাভাবিক গতিপথ বাধাগ্রস্ত হতে পারে।
এই পুরো বিতর্কে সবচেয়ে অনুপস্থিত বিষয়টি হলো—অগ্রাধিকার নির্ধারণ। রাষ্ট্রের সীমিত সম্পদের মধ্যে কোন খাতে ব্যয় বাড়ানো জরুরি, আর কোনটি অপেক্ষা করতে পারে—এই প্রশ্নের সুস্পষ্ট রাজনৈতিক উত্তর থাকা দরকার। জনপ্রতিনিধিদের সুবিধা বাড়ানো কি এখন দেশের সবচেয়ে জরুরি কাজ? নাকি শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, ব্যাংকিং খাতের সংকট—এসব জায়গায় মনোযোগ দেওয়া বেশি প্রয়োজন? এই বাস্তবতা যদি জনপ্রতিনিধিদের চিন্তায় প্রতিফলিত না হয়, তাহলে গণ-আকাঙ্ক্ষার সঙ্গে তাদের দূরত্ব তৈরি হবে।
আরও গুরুত্বপূর্ণ হলো প্রতীকী বার্তা। রাজনীতি কেবল নীতিনির্ধারণ নয়; এটি একটি নৈতিক অবস্থানও। জনপ্রতিনিধিরা যখন নিজেদের জন্য নতুন সুবিধা দাবি করেন, তখন জনগণের কাছে সেটি কেমন বার্তা পাঠায়? এটি কি সেবার রাজনীতি, নাকি সুবিধাভিত্তিক রাজনীতি? যদি প্রতিনিধিত্ব ধীরে ধীরে সুবিধা গ্রহণের কাঠামোয় পরিণত হয়, তবে জনগণ ও প্রতিনিধির মধ্যে দূরত্ব বাড়তে থাকবে। এটি শেষ পর্যন্ত জনবিচ্ছিন্ন রাজনীতিকেই প্রতিষ্ঠিত করবে।
নতুন সংসদের সামনে তাই একটি স্পষ্ট পথচিহ্ন থাকা প্রয়োজন—সংস্কৃতি বদলানো। এটি কেবল নিয়ম পরিবর্তনের প্রশ্ন নয়; নিয়ম দিয়ে রুচি বা আকাঙ্ক্ষা নিয়ন্ত্রণ করা যায় না। প্রয়োজন মানসিকতার পরিবর্তন। একজন সংসদ সদস্য কার জন্য কথা বলবেন—ব্যক্তি বা গোষ্ঠীর জন্য, নাকি সমগ্র জনগণের জন্য—এই বোধ স্পষ্ট হওয়া জরুরি। পাশাপাশি ভিন্নমত গ্রহণের সক্ষমতা, ব্যয়ের ক্ষেত্রে সংযম এবং জনগণের প্রতি দৃশ্যমান দায়বদ্ধতা—এই তিনটি স্তম্ভ ছাড়া কোনো সংসদই কার্যকর হতে পারে না।
সবশেষে প্রশ্নটি খুব সরল, কিন্তু গভীর—এই সংসদ কি ‘নয়া আকাঙ্ক্ষা’র প্রতিনিধিত্ব করবে, নাকি ‘পুরনো সংস্কৃতি’র পুনরাবৃত্তি ঘটাবে? উত্তর নির্ভর করছে তাদের সিদ্ধান্তের ওপর, তাদের আচরণের ওপর, এবং সবচেয়ে বেশি—তাদের অগ্রাধিকারের ওপর। সুবিধা নয়, দায়বোধ যদি মাপকাঠি হয়, তবেই এই সংসদ প্রকৃত অর্থে নতুন হয়ে উঠতে পারে।

লোড হচ্ছে...